চাঁদপুরে গ্যাস লাইন লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৩
চাঁদপুরের কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাদের উদ্ধার করে ঢাকায় আনা হয়।
দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, খাদিজা আক্তারের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। মাহমুদুলের ৪ শতাংশ এবং শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে। খাদিজাকে ভর্তি করা হয়েছে, অপর দুইজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হন। তাদেরও সকালে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
দগ্ধরা হলেন— মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
পরপর দুটি গ্যাসজনিত বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা জোরদারের দাবি উঠেছে।


