এবার ইরাকে হামলা
উত্তর ইরাক-এর কুর্দি অঞ্চলে অবস্থিত এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। শনিবার বিকেলে আল জাজিরা-র সংবাদদাতার বরাতে জানা যায়, একটি ড্রোন বিমানবন্দরের দিকে অগ্রসর হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে ভূপাতিত করে।
তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার পর বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এ বিমানবন্দরকে একাধিকবার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। কারা এ হামলার চেষ্টা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইরান-এ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। আহত হয়েছেন অন্তত ৬০ জন।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
তবে একই ঘটনায় আল জাজিরা নিহতের সংখ্যা ৪০ উল্লেখ করেছে।
স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমের জানান, হামলার সময় বিদ্যালয়ে প্রায় ১৭০ শিক্ষার্থী উপস্থিত ছিল। উদ্ধার অভিযান এখনো চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে এর আগে ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। একই সময়ে ইসরায়েলেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।
মধ্যপ্রাচ্যজুড়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

