আমতলীতে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, জমিতে ঘর নির্মাণ
বরগুনার আমতলী উপজেলায় ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আলী হোসেন কাজী এ অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিমৃত্যুঞ্জয় গ্রামের বাসিন্দা আলী হোসেন কাজীর কাছে গত ২৭ ফেব্রুয়ারি আলমগীর হাওলাদার ও সুমন আকন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা ক্ষুব্ধ হন। পরে গত বুধবার আলমগীর হাওলাদার ও সুমন আকনের নেতৃত্বে মোস্তফা কাজী, ইব্রাহিম, জাকির ও শাকিলসহ ১০-১৫ জন তার জমিতে একটি ছাপড়া ঘর নির্মাণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
আলী হোসেন কাজী বলেন, তিনি বাড়িতে একা থাকেন। এই সুযোগে দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার জমিতে জোর করে ঘর নির্মাণ করা হয়েছে। বাধা দিলে তাকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি জানান, ভয়ে গত কয়েক দিন ধরে বাড়ি থেকে বের হতে পারছেন না।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, আলী হোসেন কাজীর জমিতে একটি ছাপড়া ঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম
প্রকাশ না করার শর্তে বলেন, আলমগীর ও সুমনের নেতৃত্বে লোকজন এনে জোর করে ওই ঘর তোলা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। সুমন আকন বলেন, তিনি মোস্তফা কাজীকে মোটরসাইকেলে করে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আলমগীর হাওলাদার জমিতে ঘর তোলার কথা স্বীকার করলেও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


