চাঁপাইনবাবগঞ্জে পরকীয়ার সালিশে নিহত ১, আহত ৪

দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জে পরকীয়ার সালিশে নিহত ১, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পরকীয়া সম্পর্কিত একটি ঘটনায় সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের মারমারিতে আনিসুর রহমান নামে একজন নিহত হয়েছেন। তিনি দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রবিবার (৮ মার্চ) রাত ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিলো। বিষয়টি জানাজানি হলে উভয়ের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রবিবার রাতেও সালিশে বসেছিলেন উভয়পক্ষ। কিন্তু বিষয়টি নিস্পত্তি না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে আসা লোকজন বাড়ি ফিরছিলেন।

এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আনিসুর রহমান ও তার লোকজনও প্রতিহত করার চেষ্টা করলে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে লাঠির আঘাতে মারা যান আনিসুর রহমান।

ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।