বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

দেশজুড়ে
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
নিউজ ডেস্ক
১৮ মার্চ ২০২৬

বগুড়ায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন নিহত এবং তিন শিশুসহ আরও ৯ জন দগ্ধ হয়েছেন। হতাহতরা সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে রয়েছেন ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মাইক্রোবাসটি ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করে।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকন উদ্দিন জানান, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।