সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

দেশজুড়ে
সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
২৩ মার্চ ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সামনে সহজ সময় নেই; বরং অর্থনৈতিকভাবে একটি কঠিন সময় আসছে। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমে যাচ্ছে। সামনে তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দামও বাড়বে। এসব বাস্তবতা মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।” তবে এ পরিস্থিতিতে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মির্জা ফখরুল বলেন, জ্বালানি পরিস্থিতিকে কেন্দ্র করে পাম্প ভাঙচুর বা মব সৃষ্টি গ্রহণযোগ্য নয়। “মবকে কঠোর হস্তে দমন করা হবে। আইনের বাইরে গিয়ে কাউকে কিছু করতে দেওয়া হবে না,”—বলেন তিনি।

খাল পুনঃখনন প্রকল্প নিয়ে তিনি বলেন, এই কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মাছ ও হাঁস পালনের সুযোগ বাড়াতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। “দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না,”—বলেন তিনি।

কৃষি খাত প্রসঙ্গে মন্ত্রী জানান, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ক্ষতি হয়েছে, যা কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচি চালু ও দেশজুড়ে প্রায় ২০ হাজার খাল খননের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।