নওগাঁয় ৭০ বোতল ভারতীয় মাদক জব্দ, ইজিবাইকসহ আটক ১
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকসহ ফিরোজ কামাল নামের একজনকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।
নওগাঁর পত্নীতলা উপজেলায় সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি দল উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে অভিযান চালায়।
আটককৃত মোঃ ফিরোজ কামাল সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের মোঃ মোজাফফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আটক ফিরোজ কামালের হেফাজত থেকে ৭০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদক “ESKUF” উদ্ধার করা হয়। যার প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে মোট মূল্য দাঁড়ায় ২ লাখ ১০ হাজার টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “পত্নীতলা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।


