চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

দেশজুড়ে
চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু
নিউজ ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রাসেল আলী (২৫) এবং দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী আজিমুল ইসলাম (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিমুল ইসলাম তার বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাওয়ার পথে আকস্মিক বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে, রাসেল আলী ভুট্টাক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, আকস্মিক বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।