বন্ধ থাকলেও বিদ্যুৎ খায় ঘরের যেসব ডিভাইস, বাড়তে পারে মাসিক বিল

বন্ধ থাকলেও বিদ্যুৎ খায় ঘরের যেসব ডিভাইস, বাড়তে পারে মাসিক বিল
নিউজ ডেস্ক
৮ মে ২০২৬

অনেকেই মনে করেন, টিভি বা ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করলেই বিদ্যুৎ খরচ পুরোপুরি থেমে যায়। তবে বাস্তবে অনেক যন্ত্র সুইচ অফ অবস্থাতেও প্লাগে সংযুক্ত থাকলে সামান্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতে থাকে। এই অদৃশ্য বিদ্যুৎ খরচকে বলা হয় ‘স্ট্যান্ডবাই পাওয়ার’ বা ‘ফ্যান্টম এনার্জি’।

বিশেষজ্ঞদের মতে, একটি পরিবারের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত কেবল স্ট্যান্ডবাই পাওয়ারের কারণেই খরচ হতে পারে। বছরের শেষে এই অতিরিক্ত ব্যবহার বিদ্যুৎ বিলে বড় প্রভাব ফেলতে পারে।

সবচেয়ে বেশি স্ট্যান্ডবাই বিদ্যুৎ খরচ করে স্মার্ট টিভি, ওয়াই-ফাই রাউটার, ডেস্কটপ কম্পিউটার, গেমিং কনসোল, সেট-টপ বক্স এবং মোবাইল চার্জারের মতো ডিভাইস।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উদাহরণ হিসেবে, অনেক স্মার্ট টিভি বন্ধ থাকলেও ব্যাকগ্রাউন্ডে সফটওয়্যার আপডেট, নেটওয়ার্ক সংযোগ বা সেন্সর সক্রিয় রাখতে বিদ্যুৎ ব্যবহার করে। একইভাবে মাইক্রোওয়েভের ডিজিটাল ঘড়ি বা সেট-টপ বক্সের স্ট্যান্ডবাই মোডও সারাক্ষণ বিদ্যুৎ টেনে যায়।

মোবাইল চার্জারের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। ফোন খুলে নেওয়ার পরও চার্জার প্লাগে লাগানো থাকলে সেটি সামান্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। একটি চার্জারের খরচ কম হলেও ঘরে একাধিক ডিভাইস থাকলে মোট খরচ ধীরে ধীরে বাড়তে থাকে।

গবেষণায় দেখা গেছে, অনেক বাড়িতে শুধু স্ট্যান্ডবাই মোডে থাকা ডিভাইসের কারণেই বছরে কয়েকশ ইউনিট অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়। এতে শুধু বিদ্যুৎ বিল বাড়ে না, অপ্রয়োজনীয় শক্তি অপচয়ও ঘটে।

বিশেষজ্ঞরা বলছেন, এই খরচ কমানোর সবচেয়ে সহজ উপায় হলো ব্যবহার শেষে অপ্রয়োজনীয় ডিভাইসের প্লাগ খুলে রাখা। মাল্টিপ্লাগে আলাদা সুইচ থাকলে সেটি বন্ধ করাও কার্যকর হতে পারে। পাশাপাশি কম স্ট্যান্ডবাই পাওয়ার ব্যবহার করে এমন বিদ্যুৎ সাশ্রয়ী ডিভাইস ব্যবহার করাও ভালো অভ্যাস।

ছোট ছোট সচেতনতা বিদ্যুৎ সাশ্রয়ে বড় ভূমিকা রাখতে পারে। তাই শুধু সুইচ অফ করাই নয়, প্রয়োজন হলে প্লাগও খুলে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।