সংবাদ সংগ্রহে বেরিয়ে হামলার শিকার সাংবাদিক সেন্টু

দেশজুড়ে
সংবাদ সংগ্রহে বেরিয়ে হামলার শিকার সাংবাদিক সেন্টু
নিউজ ডেস্ক
১১ জুন ২০২৬

সাংবাদিকতার দায়িত্ব পালন করতে বের হয়েছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সড়কের ওপরই হামলার শিকার হলেন এক সংবাদকর্মী। যশোরের বেনাপোলে প্রকাশ্য দিনে সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয় সাংবাদিক সমাজে।

বৃহস্পতিবার দুপুরে শার্শা উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহের কাজে মোটরসাইকেলে করে শার্শার দিকে যাচ্ছিলেন বাংলা টিভির বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলাম সেন্টু। পথে কাগজপুকুর বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। এরপর তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীদের আঘাতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। একপর্যায়ে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফুল ইসলাম সেন্টু বলেন, তিনি পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে হঠাৎ করেই তার ওপর হামলা চালানো হয়। হামলার সময় তিনি নিজেকে রক্ষা করার সুযোগও পাননি।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর বেনাপোল ও শার্শার সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, একজন সংবাদকর্মীর ওপর প্রকাশ্যে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রকাশ্য সড়কে একজন সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।