গুগল আর্থে নতুন চমক, ব্রাউজার থেকেই চালানো যাবে ভার্চুয়াল বিমান
গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড, ব্রাউজারেই মিলবে বিমান ওড়ানোর অভিজ্ঞতা
প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে গুগল। জনপ্রিয় ম্যাপিং ও ভার্চুয়াল গ্লোব প্ল্যাটফর্ম গুগল আর্থে যুক্ত হয়েছে ফ্লাইট সিমুলেটর মোড, যার মাধ্যমে এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সরাসরি ওয়েব ব্রাউজারেই ভার্চুয়াল বিমান ওড়ানো যাবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণার মাধ্যমে গুগল নতুন এই সুবিধার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে ব্যবহারকারীরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল আকাশপথে ঘুরে দেখার এক ভিন্নধর্মী অভিজ্ঞতা পাবেন।
ফিচারটি ব্যবহার করতে গুগল আর্থ চালু করে ‘গুগল আর্থ’ অপশনে যেতে হবে। এরপর ‘টুলস’ মেনু থেকে ‘ফ্লাইট সিমুলেটর’ নির্বাচন করলেই শুরু হবে ভার্চুয়াল উড্ডয়ন। নতুন ব্যবহারকারীদের জন্য একটি এফএকিউ (FAQ) বিভাগও যুক্ত করা হয়েছে, যেখানে প্রয়োজনীয় নির্দেশনা ও ব্যবহারবিধি পাওয়া যাবে।
তবে গুগল জানিয়েছে, ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফলে ব্যবহারের সময় কিছু প্রযুক্তিগত ত্রুটি বা অনাকাঙ্ক্ষিত সমস্যা দেখা দিতে পারে।
প্রতিষ্ঠানটি আরও স্পষ্ট করেছে যে, এই সিমুলেটর কোনোভাবেই বাস্তব বিমানচালনা প্রশিক্ষণের বিকল্প নয়। বরং এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য পৃথিবীকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার একটি বিনোদনমূলক ও সহজ মাধ্যম।
উল্লেখ্য, ২০২৪ সালে গুগল আর্থে ঐতিহাসিক স্থান ও বিভিন্ন সময়ের পুনর্নির্মিত দৃশ্য দেখার সুবিধা চালু করেছিল গুগল। নতুন ফ্লাইট সিমুলেটর মোড যুক্ত হওয়ার ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারিক ও বিনোদনমূলক সম্ভাবনা আরও বিস্তৃত হলো।


