ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াবে যে ফিচারটি
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের জটিলতায় পড়ার ঘটনা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে ‘ভেরিফিকেশন সেলফি’ নামে একটি বিশেষ ফিচার চালু রেখেছে ফেসবুক। এই সুবিধা অ্যাকাউন্টের প্রকৃত মালিককে শনাক্ত করতে সহায়তা করে এবং প্রয়োজনে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়াও সহজ করে।
ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ‘ভেরিফিকেশন সেলফি’ চালু থাকলে সন্দেহজনক লগইন বা অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত হলে ব্যবহারকারীর পরিচয় দ্রুত যাচাই করা যায়। ফলে অ্যাকাউন্টের মালিকানা নিশ্চিত করা তুলনামূলক সহজ হয়।
যেভাবে চালু করবেন
ফিচারটি চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ওপরের ডান পাশে থাকা থ্রি-লাইন মেনুতে যেতে হবে। এরপর Settings & Privacy থেকে Settings নির্বাচন করে Accounts Center-এ প্রবেশ করুন।
এরপর Password and Security অপশনে গিয়ে Verification Selfie নির্বাচন করুন। যে অ্যাকাউন্টের জন্য ফিচারটি চালু করতে চান সেটি বেছে নিয়ে Next চাপুন। এরপর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে।
ই-মেইলে পাওয়া কোডটি নির্ধারিত স্থানে বসিয়ে আবার Next নির্বাচন করুন। এরপর Start Selfie অপশনে ক্লিক করে মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে।
স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে সেলফির মাধ্যমে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। এ সময় মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো কিছু নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। যাচাই সফল হলে স্বয়ংক্রিয়ভাবে ফিচারটি সক্রিয় হয়ে যাবে।
শুধু এই ফিচারই যথেষ্ট নয়
বিশেষজ্ঞদের মতে, শুধু ‘ভেরিফিকেশন সেলফি’ চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ থাকবে—এমনটি নয়। নিরাপত্তা আরও বাড়াতে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং অ্যাকাউন্টের ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


