চীনের বাণিজ্য কৌশলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল

চীনের বাণিজ্য কৌশলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল
১৮ জুলাই ২০২৬

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারে চীন আগ্রহী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে বাংলাদেশের মতো দেশগুলোকে পাশে রাখতে চায় বেইজিং।

শনিবার (১৮ জুলাই) রাজধানীতে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের মতো অনেক দেশই চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে। তিনি সম্প্রসারণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিতে চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারণে উভয় দেশ আগ্রহী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, চীনের পাশাপাশি প্রতিবেশী ভারত এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও বাংলাদেশ ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে চায়।

বিএনপির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের সম্পর্কের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, অতীতের কঠিন রাজনৈতিক সময়েও দুই পক্ষের যোগাযোগ অব্যাহত ছিল। পাশাপাশি রাষ্ট্রীয় ও বেসরকারি পর্যায়েও বাংলাদেশ ও চীনের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে আরও সুসংহত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, পারস্পরিক আস্থা, সম্মান এবং উন্নয়ন সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-চীনের সম্পর্ক একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি জানান, অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ চীনের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন ও কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম এ রশিদুজ্জামান মিল্লাত, সানজিদা ইসলাম তুলি, শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু।