বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
১৯ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে অবস্থানরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য সংঘাত ও নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় রেখে এ সতর্কতা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে এবং যেকোনো সময় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, স্থানীয় পরিস্থিতির প্রতি নজর রাখা এবং নিয়মিত সংবাদ ও সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তর বিশেষভাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনিদের নিজ নিজ এলাকার নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনসুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলেছে। পাশাপাশি, বিশ্বজুড়ে অবস্থানরত সব মার্কিন নাগরিককেও ভ্রমণ ও চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্টেট ডিপার্টমেন্ট আরও সতর্ক করেছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ এবং ভ্রমণসূচিতে আকস্মিক পরিবর্তন ঘটতে পারে। তাই ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস ও স্থানীয় কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে বিশ্বের বিভিন্ন অঞ্চলেও মার্কিন কূটনৈতিক স্থাপনা ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকতে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। বিশেষ করে, ইরান-সমর্থিত বা ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটি।

এসব ঝুঁকি বিবেচনায় বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।