মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

জাতীয়
মিরপুর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
১ আগস্ট ২০২৬

রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং সাময়িকভাবে মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের যাত্রাবিরতি বন্ধ রাখা হয়েছে।

শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং বস্তুটি কী, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ সূত্রে জানা গেছে, পরিত্যক্ত বস্তুটি দেখতে পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। বিষয়টি ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে জানানো হয়েছে। বস্তুটি পরীক্ষা করতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, এমআরটি পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের স্টপেজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার হওয়া বস্তুটি সত্যিই বোমা বা কোনো ক্ষতিকর বিস্ফোরক কি না, তা নিশ্চিত হওয়ার জন্য সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতাবোমা পাওয়া যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হন।

উল্লেখ্য, উদ্ধার হওয়া বস্তুর প্রকৃতি সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বোম্ব ডিসপোজাল ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।