৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তার আবদুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির। বর্তমানে তিনি দলটির কোনো পদে নেই বলে জানিয়েছে জেলা জামায়াতের মিডিয়া সেল।
বুধবার (৫ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪-এর জামালপুর সিপিসি-১ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪-এর জামালপুর সিপিসি-১ সূত্র জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলার আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা করা হয়।
মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব-১৪।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আবদুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর জেলা জামায়াতের মিডিয়া সেলের সদস্য জাকিউল ইসলাম জানান, আবদুল ওয়াহেদ আগে মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি দলটির কোনো সাংগঠনিক পদে নেই।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, গ্রেপ্তারের পর র্যাব আবদুল ওয়াহেদকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


