ফেনসিডিল মামলায় বেনাপোলের নারী মাদক ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড
ফেনসিডিলের মামলায় বেনাপোলের নারী মাদক ব্যবসায়ী পারভীনাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।
বৃহস্পতিবার বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত পারভীনা বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মজিদ মোল্যার স্ত্রী।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ৫ ডিসেম্বর যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোপন সংবাদের ভিত্তিতে পারভীনার বাড়িতে অভিযান চালায়। এ সময় পারভীনাকে আটক ও ঘর তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে আটক পারভীনার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।
মামলার তদন্ত শেষে আটক পারভীনাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক সৈয়দ নূর মোহাম্মদ। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পারভীনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত পারভীনা বর্তমানে জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।


