হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
১৮ আগস্ট ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাব এখনো অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে হামের উপসর্গ ও পরীক্ষায় নিশ্চিত রোগী মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৮ জনে।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮১৯ জন। অন্যদিকে, পরীক্ষাগারে হাম শনাক্ত হওয়ার পর মৃতের সংখ্যা ৯৯। উপসর্গ ও ল্যাব পরীক্ষায় নিশ্চিত মৃত্যুর হিসাব মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৯১৮ জনে।

হাসপাতালে ভর্তি ১ লাখ ২৬ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন।

এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৮৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।