মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

জাতীয়
মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
২২ আগস্ট ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। পদত্যাগের পর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্য একটি প্রজ্ঞাপনে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ছয় মাস পূর্তির সময়ে মন্ত্রিসভায় সম্প্রসারণের পাশাপাশি বেশ কয়েকটি পদে রদবদল হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার নতুন করে পাঁচজন মন্ত্রিসভায় যুক্ত হন।

নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীদের মধ্যে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

মন্ত্রিসভায় নতুন নিয়োগ ও দায়িত্ব পুনর্বণ্টনের মধ্য দিয়ে সরকারের প্রশাসনিক কাঠামোয় একাধিক পরিবর্তন আনা হলো।