বার্ষিক বিক্রি ২ কোটি টাকা পর্যন্ত করমুক্ত রাখার সিদ্ধান্ত

বার্ষিক বিক্রি ২ কোটি টাকা পর্যন্ত করমুক্ত রাখার সিদ্ধান্ত
২৭ আগস্ট ২০২৬

নতুন আয়কর আইনে বার্ষিক বিক্রির ওপর ন্যূনতম ১ শতাংশ টার্নওভার কর আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, বছরে ২ কোটি টাকা পর্যন্ত মোট বিক্রির ক্ষেত্রে কোনো টার্নওভার কর দিতে হবে না।

এনবিআর সূত্র জানিয়েছে, নতুন কাঠামো অনুযায়ী বার্ষিক বিক্রি ২ কোটি টাকার বেশি হলে টার্নওভার কর কার্যকর হবে। ২ কোটি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত বিক্রির ওপর করের হার হবে দশমিক ৫ শতাংশ। আর বার্ষিক বিক্রি ৪ কোটি টাকার বেশি হলে টার্নওভার কর দিতে হবে ১ শতাংশ হারে।

এ-সংক্রান্ত প্রজ্ঞাপন আগামী কয়েক দিনের মধ্যে জারি হতে পারে। বর্তমানে প্রজ্ঞাপনের খসড়া অর্থ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে নতুন আয়কর আইনে ব্যবসায় লাভ-লোকসান বিবেচনা না করে মোট বিক্রির ওপর ন্যূনতম ১ শতাংশ টার্নওভার কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ওপর বাড়তি করের চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়।

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সুবিধার কথা বিবেচনা করেই কর কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে এনবিআর। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ছোট ব্যবসাগুলো বছরে ২ কোটি টাকা পর্যন্ত বিক্রির ক্ষেত্রে টার্নওভার করের আওতার বাইরে থাকবে।

তবে ২ কোটি টাকার সীমা অতিক্রম করলে নির্ধারিত হারে টার্নওভার কর দিতে হবে। ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন এই কাঠামো আগের সিদ্ধান্তের তুলনায় তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।