সংসদে উত্থাপিত হলো গুম প্রতিরোধসহ তিন গুরুত্বপূর্ণ বিল
মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান আইনে গুরুত্বপূর্ণ সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে তিনটি বিল উত্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের কার্যসূচি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন। পরে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিল তিনটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
উত্থাপিত বিলগুলোর মধ্যে রয়েছে—‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ এবং ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’।
গুম প্রতিরোধ ও প্রতিকার বিল
গুম প্রতিরোধ, দায়ীদের শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সংরক্ষণের লক্ষ্যে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন বিল
‘জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০০৯’ রহিত করে নতুন আইন প্রণয়নের উদ্দেশ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিলটি সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
ট্রান্সফার অব প্রপার্টি সংশোধন বিল
‘ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২’ অধিকতর সংশোধনের জন্য ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ উত্থাপন করেন আইনমন্ত্রী। বিলটিও পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।


