জলবায়ু সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্কে প্রধানমন্ত্রী
জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কূটনৈতিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নভেম্বরে তুরস্ক সফর করবেন।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক সম্মেলন কপ-৩১ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, বৈশ্বিক উষ্ণতা কমানো এবং জলবায়ু অর্থায়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
এ সফরের মধ্য দিয়ে ঢাকা-আঙ্কারা সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের স্বার্থ তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।


