স্বর্ণের দামে ফের উত্থান, বিনিয়োগকারীদের নজর ফেডের দিকে
বিশ্ববাজারে শুক্রবার (২৮ আগস্ট) স্বর্ণের দাম সামান্য বেড়েছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের দিকে তাকিয়ে আছেন। জ্যাকসন হোল সিম্পোজিয়ামে তার বক্তব্য থেকে ভবিষ্যৎ মুদ্রানীতি ও সুদের হারের গতিপথ সম্পর্কে কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না, তা পর্যবেক্ষণ করছেন বাজারসংশ্লিষ্টরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম সামান্য ওঠানামা করে ৪ হাজার ৬০০ ডলারের আশপাশে ছিল। একপর্যায়ে দাম ০.০২ শতাংশ কমে ৪ হাজার ৬০০ দশমিক ০৭ ডলারে দাঁড়ায়। তবে এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম ৪ হাজার ৬৯৬ দশমিক ১৮ ডলারে উঠে তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি বন্ডের বাজারে সহায়তা দেওয়ার জন্য ট্রেজারি বিভাগের পরিকল্পনা ঘোষণার পর স্বর্ণের দামে উল্লেখযোগ্য উত্থান দেখা যায়। অন্যদিকে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম শুক্রবার প্রায় ০.৩ শতাংশ কমে ৪ হাজার ৬৪২ দশমিক ৯০ ডলারে নেমেছে।
এখন বাজারের মূল নজর কেভিন ওয়ার্শের বক্তব্যে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে ফেডের অবস্থান কী হতে পারে, সে বিষয়ে নতুন কোনো বার্তা পাওয়া যায় কি না, তা জানতে আগ্রহী বিনিয়োগকারীরা।
বাজার বিশ্লেষকদের মতে, উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়, কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে ফেডের ভবিষ্যৎ নীতির ইঙ্গিত স্বর্ণের দামের পরবর্তী গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


