ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২ সেপ্টেম্বর ২০২৬

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে দুইজন করে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে মারা গেছেন আরও একজন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১০৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে ঢাকা বিভাগেই, দুই সিটি করপোরেশনসহ, মারা গেছেন ৫৪ জন।

মৃত্যুর হিসাবে এরপর রয়েছে খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহে ১২, বরিশালে ১০, চট্টগ্রামে ৭ এবং রাজশাহী বিভাগে ৪ জন। এ ছাড়া রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ঢাকা বিভাগে ১৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪, বরিশালে ১১০, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৬৫, রংপুরে ৩২ এবং সিলেট বিভাগে ৭ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৮ হাজার ২৮০ জন ভর্তি হয়েছেন।