প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মারা গেলেন আহত সেই পথচারী নারী

দেশজুড়ে
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মারা গেলেন আহত সেই পথচারী নারী
৪ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তাঁর স্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী নারী ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফিরোজা বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্ব পাশে হরিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার পথে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে বহনকারী গাড়িটি ওই এলাকায় পৌঁছালে রাস্তা পার হচ্ছিলেন ফিরোজা বেগম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তাঁকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা প্রতিমন্ত্রী, তাঁর স্ত্রী এবং আহত নারীকে উদ্ধার করেন।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী নাজমা বেগম দুর্ঘটনায় অক্ষত রয়েছেন। গাড়িচালকও আহত হয়েছেন।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে জয়পুরহাটের কালাই পৌর শহরের নিজ বাড়িতে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। তিনি জয়পুরহাটে দুই দিনের সরকারি সফরে যাচ্ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়ে আব্দুল বারী বলেন, দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেয়েছেন। গাড়িটি সড়ক থেকে ছিটকে ফসলের মাঠে গিয়ে থেমে যায়। এতে তাঁর হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, পথচারী রাস্তা পার হওয়ার সময় তাকে রক্ষা করতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে।

তিনি জানান, দুর্ঘটনায় এক নারী পথচারী গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।