বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বেড়ে হলো ১৮ হাজার

বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বেড়ে হলো ১৮ হাজার
৬ সেপ্টেম্বর ২০২৬

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ১২ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার মার্কিন ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ এক বছরে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক আগের তুলনায় ৬ হাজার ডলার বেশি ব্যবহারের সুযোগ পাবেন।

রোববার (৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত সার্কুলার জারি করে ভ্রমণ-সুবিধার নতুন সীমা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একটি পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে এ সীমা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্তে প্রাপ্তবয়স্কদের ভ্রমণ কোটা ৫০ শতাংশ বাড়ল। আগে যেখানে সর্বোচ্চ ১২ হাজার ডলার ব্যবহারের সুযোগ ছিল, এখন সেখানে ১৮ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। এ সুবিধা পঞ্জিকাবর্ষভিত্তিক কার্যকর হবে।

তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। তারা প্রাপ্তবয়স্কদের অনুমোদিত ভ্রমণ কোটার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুবিধা পাবে। ফলে নতুন সীমা অনুযায়ী শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ কোটা হবে ৯ হাজার ডলার।

এদিকে ভ্রমণ কোটার পুরো অর্থ নগদ ডলার হিসেবে নেওয়ার সুযোগ থাকছে না। আগের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি বার্ষিক ভ্রমণ কোটার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ নোট সঙ্গে নিতে পারবেন। অবশিষ্ট অর্থ অনুমোদিত অন্যান্য মাধ্যমে ব্যবহারের সুযোগ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বিদেশে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং অন্যান্য অনুমোদিত ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের পরিসর বাড়বে।