রাঙামাটিতে হারানো ৬১ মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রযুক্তিনির্ভর কার্যক্রমে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
পুলিশ জানায়, রাঙামাটি জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে শনাক্ত ও উদ্ধার করে সাইবার ক্রাইম মনিটরিং সেল।
মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এইচ.এম. মাহমুদসহ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ জানিয়েছে, জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম আরও জোরদারে তারা কাজ করে যাচ্ছে।


