সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত শুরু
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গত ১ সেপ্টেম্বর টাকা ফেরতের জন্য আবেদন করা গ্রাহকদের আজ থেকে অর্থ ফেরত দেওয়া হচ্ছে। তবে পরবর্তী দিনগুলোতে আবেদন করা গ্রাহকদের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
সোমবার সকালে রাজধানীর সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের চাহিদা বিবেচনায় শাখাগুলোতে পর্যাপ্ত অর্থ সরবরাহ করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনা করে কিছু গ্রাহককে নির্ধারিত সময়ের আগেও টাকা তোলার সুযোগ দেওয়া হচ্ছে।
এক গ্রাহক জানান, তিনি গত ৩ সেপ্টেম্বর টাকা তোলার জন্য আবেদন করেছেন। নিয়ম অনুযায়ী আরও দুই দিন পর টাকা পাওয়ার কথা থাকলেও তার সন্তান অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে ২০ হাজার টাকা প্রয়োজন ছিল। বিষয়টি শাখা ব্যবস্থাপককে জানালে তাকে ওই টাকা তোলার অনুমতি দেওয়া হয়।
ব্যাংকের এক কর্মকর্তা জানান, ১ সেপ্টেম্বর আবেদন করা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার আগে তাদের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একীভূত পাঁচ ব্যাংকের কোনো ব্যাংকে সংশ্লিষ্ট গ্রাহকের খেলাপি ঋণ রয়েছে কি না, তা যাচাই করতে নির্দিষ্ট একটি অ্যাপ ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের মাধ্যমে সিস্টেমে যাচাই করা হচ্ছে তার কোনো খেলাপি ঋণ রয়েছে কি না। কোনো গ্রাহক খেলাপি হলে বা তার ঋণের তথ্য পাওয়া গেলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর নিয়ম অনুযায়ী তার আমানতের টাকা তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


