দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান
দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রতিটি নাগরিকের অধিকার।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। নাগরিকদের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয়। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হবে স্বাস্থ্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।
সেমিনারে দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ডা. জুবাইদা। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।
তিনি বলেন, দেশের দক্ষ চিকিৎসকদের সঙ্গে বিদ্যমান আধুনিক মেডিকেল প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।
দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। স্বাস্থ্য খাতসহ প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।


