নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর চলতি জুলাই থেকে
দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বা নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন কাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে একসঙ্গে পুরোপুরি কার্যকর না করে তিন ধাপে এটি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে ১ জুলাই থেকে প্রাপ্য বকেয়া বেতনও চাকরিজীবীরা পাবেন।
প্রথম ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা নতুন ও পুরোনো মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ পাবেন। একই সময়ে দশম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীরা পাবেন ৫০ শতাংশ।
দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের জন্য বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের জন্য ৭৫ শতাংশ কার্যকর হবে। এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে সব সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন স্কেলের বর্ধিত মূল বেতনের শতভাগ পাবেন।
তবে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ভাতাসহ অন্যান্য ভাতা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে প্রচলিত হারে দেওয়া হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী এসব ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
নতুন কাঠামোয় চিকিৎসা ভাতাতেও পরিবর্তন আনা হয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি বয়সীরা ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। পাশাপাশি মূল বেতনের ১৫ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা বহাল রাখা হয়েছে।
নতুন পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেডই রাখা হয়েছে। প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে।
পেনশনভোগীদের ক্ষেত্রেও ধাপে ধাপে নতুন কাঠামোর সুবিধা কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে তারা শতভাগ বর্ধিত নিট পেনশন পাবেন। বয়সভেদে পেনশনভোগীদের চিকিৎসা ভাতাও বাড়িয়ে ৩ হাজার থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন কাঠামোর আওতায় দেশের প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগী সুবিধা পাবেন। এটি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা।
অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকরের প্রায় এক দশক পর নতুন পে-স্কেল অনুমোদন করা হয়। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর প্রয়োজনীয় আইনগত যাচাই শেষে শনিবার এর প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।


