স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

২০ সেপ্টেম্বর ২০২৬

জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনের বিল সংসদে আনা হবে এবং সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংবিধান সংশোধন নিয়ে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদের পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহারে থাকা এবং জনগণের ভোটে সমর্থন পাওয়া বিষয়গুলোও সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিবেচনায় নেওয়া হবে। তবে একতরফাভাবে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। এদিনের আলোচনায় ১৭টি রাজনৈতিক দল অংশ নিয়েছে বলেও জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল। ফলে সংবিধানে থাকা যেসব বিষয় জুলাই সনদের সঙ্গে সম্পর্কিত, সেগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে দেশের আর্থিক বছরের সময়সীমা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বাজেট বরাদ্দ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আরও কার্যকর করতে আর্থিক বছর পরিবর্তনের প্রস্তাব করা হবে। প্রস্তাব অনুযায়ী, নতুন আর্থিক বছর ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত চলবে।

সংবিধান সংশোধনের আলোচনায় জাতীয় সংসদের উচ্চকক্ষের গঠন নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের মতো এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থায় সাধারণত দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা দেখা যায় না; ফেডারেল রাষ্ট্রব্যবস্থায় বিভিন্ন রাজ্য বা প্রদেশের প্রতিনিধিত্বের কারণে উচ্চকক্ষের ধারণা বেশি প্রচলিত। তবে এককেন্দ্রিক রাষ্ট্রে উচ্চকক্ষ থাকতে পারবে না—এমন কোনো বাধাধরা নিয়ম নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে রাজ্য বা প্রদেশ না থাকায় প্রাদেশিক প্রতিনিধিত্বের সুযোগ নেই। তবে রাষ্ট্র ও সমাজের গণ্যমান্য ও মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক আগেই দিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। বিএনপির ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারেও বিষয়টি রাখা হয়েছে বলে জানান তিনি। তবে উচ্চকক্ষ গঠন ভবিষ্যতের বিষয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই।

জুলাই সনদে এখনো স্বাক্ষর করেনি এমন রাজনৈতিক দলগুলোও আলোচনায় যুক্ত হতে চাইলে অংশ নিতে পারবে বলে জানান তিনি। ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর সংশ্লিষ্ট প্রতিবেদন প্রস্তুত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।