বাংলায় জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়
বাংলায় জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৩টায় তার এ ভাষণ প্রচারিত হওয়ার কথা রয়েছে।

নিউইয়র্কে বুধবার আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতিকে ধারণ করে প্রধানমন্ত্রী বাংলায় বিশ্বমঞ্চে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন।

এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তারেক রহমানের প্রথম ভাষণ। ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, তারেক রহমানের ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়ও আলোচনায় আসতে পারে। জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়নও বাংলাদেশের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, তারেক রহমানের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বের ক্ষেত্রে তার পরিবারের একটি ধারাবাহিকতা তৈরি হচ্ছে। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জিয়াউর রহমান ১৯৮০ সালে সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে বক্তব্য দেন। খালেদা জিয়া ১৯৯৩ সালে ৪৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন এবং পরবর্তী সময়েও বিভিন্ন জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখেন।

জাতিসংঘ অধিবেশনের আগের দিন বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠকে অংশ নেন। নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচিতেও রোহিঙ্গা সংকট, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এবারের ভাষণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তারেক রহমান। ভাষণে দেশের বর্তমান অগ্রাধিকার, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরার কথা রয়েছে।