আইনশৃঙ্খলা জোরদারে পুলিশের নতুন বিশেষ ইউনিট

জাতীয়
আইনশৃঙ্খলা জোরদারে পুলিশের নতুন বিশেষ ইউনিট
২৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ পুলিশে ‘সাইবার পুলিশ ইউনিট’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট যুক্ত হচ্ছে। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে প্রাথমিকভাবে পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করেই ইউনিটটির কার্যক্রম শুরু হবে। পরে এর পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় বিশেষায়িত ও স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চিঠিতে বলা হয়, পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম শুরুর বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

তবে ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। একই সঙ্গে নতুন পদের সংখ্যা, যানবাহন ও অন্যান্য লজিস্টিকসের বিষয়ও নির্ধারণ করা হয়নি।

এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি, যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণসহ ইউনিটটির পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করে তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন ইউনিটটি চালু হলে সাইবার অপরাধ মোকাবিলা, ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম এবং সাইবারভিত্তিক অপরাধ তদন্তে পুলিশের বিশেষায়িত সক্ষমতা আরও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আসবে।