আগামী সপ্তাহে পুলিশের আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট

জাতীয়
আগামী সপ্তাহে পুলিশের আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট
২৬ সেপ্টেম্বর ২০২৬

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে আগামী সপ্তাহে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে এ ইউনিটের শাখা থাকবে। পাশাপাশি থানা ও জেলা পর্যায়ের ইউনিটগুলোকে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সজ্জিত করা হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী সপ্তাহে একটা আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। এ জন্য পুলিশ সদর দপ্তরে একজন অ্যাডিশনাল আইজিপির পোস্ট ক্রিয়েটেড না থাকলে আমরা ক্রিয়েট করব।’

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে এই ইউনিটের শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার সিকিউরিটি ইউনিটে আধুনিক যন্ত্রপাতি রাখা হবে। বড় আকারের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তা পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে থাকবে।

প্রকল্পটি প্রণয়নের জন্য কয়েক সপ্তাহ আগে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব জটিল বিষয় স্থানীয় পর্যায়ে সমাধান করা সম্ভব হবে না, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন বিষয়গুলো সেখানেই নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

পুলিশে জনবল নিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজন হলে ব্যাপক পরিসরে বিভিন্ন পদে কর্মকর্তা ও সদস্য নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনীতে পরিণত করার ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় স্বতন্ত্র সাইবার ইউনিট চালুর পাশাপাশি পুলিশ বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতাও বাড়ানো হবে।

তবে প্রযুক্তির পাশাপাশি মানুষের আস্থা অর্জনকে পুলিশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, প্রযুক্তি যতই আধুনিক হোক, জনগণের আস্থা ছাড়া কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারে না।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পুলিশ অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষ ও নিষ্ঠাবান সদস্যদের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আরও শক্তিশালী করে গড়ে তোলা সম্ভব। পুলিশের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন ও কল্যাণে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

এ ছাড়া পুলিশের প্রশিক্ষণ, প্রযুক্তি, সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।