বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও গতিশীল ও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ।
সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আধুনিক যুদ্ধক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে পারস্পরিক অংশগ্রহণ বাড়াতে উভয় পক্ষ সম্মত হয়েছে।
সাক্ষাৎকালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি। বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অভিজ্ঞ শান্তিরক্ষীদের যৌথ প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়া।
এ সময় বিগত বছরগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে ধন্যবাদ জানান প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম।
তিনি আশা প্রকাশ করেন, মেজর জেনারেল ক্রিস স্মিথের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক ও বন্ধন আরও সুদৃঢ় হবে।


