ফ্যামিলি কার্ডের পে-রোল প্রতি মাসে ২০-২৫ তারিখের মধ্যে পাঠানোর নির্দেশ
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও নির্ধারিত সময়ে ভাতার অর্থ পৌঁছে দিতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
এ বিষয়ে ২৭ সেপ্টেম্বর সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে এবং ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ (জি২পি) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ সঠিক ও প্রকৃত উপকারভোগীদের কাছে সময়মতো পৌঁছাতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন করতে হবে। একই সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) এসব তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে প্রতিস্থাপনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা ও সমাজসেবা কার্যালয়গুলোকে প্রতি মাসের নির্ধারিত সময়ের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের বিপরীতে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিতে ভাতার অর্থ নিয়মিত ও সময়মতো পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।


