ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক, বাড়াতে চান বিনিয়োগ ও সহযোগিতা

জাতীয়
ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক, বাড়াতে চান বিনিয়োগ ও সহযোগিতা
২৮ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদস্যরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং ইইউ প্রতিনিধিদলের প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতিও তাদের অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দুই পক্ষের অংশীদারত্ব বর্তমানে বহুমাত্রিক রূপ লাভ করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণে ইইউ এবং এর সদস্যরাষ্ট্রগুলোর অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এ সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অভিবাসন প্রসঙ্গে রাষ্ট্রপতি অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দক্ষ জনশক্তির জন্য বৈধ অভিবাসনের সুযোগ আরও সম্প্রসারণ এবং আরও ইইউ সদস্যরাষ্ট্রকে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।

বৈঠকে ইউরোপীয় রাষ্ট্রদূতরা পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও অংশীদারত্ব আরও জোরদারে বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাণিজ্য, সুশাসন, জলবায়ু কার্যক্রম ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপরও তারা গুরুত্ব দেন।

এ সময় বাংলাদেশের সাংবিধানিক, বিচার বিভাগীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগে অব্যাহত সহযোগিতার কথাও জানান রাষ্ট্রদূতরা।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। রাষ্ট্রপতি কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ইইউর চলমান ও বর্ধিত মানবিক সহায়তা কামনা করেন। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে ইইউকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। রাষ্ট্রদূতরা এ বিষয়ে তাদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার এবং ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকও এ সময় উপস্থিত ছিলেন।