সোনারগাঁয়ে যুবকের মর’দেহ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত

দেশজুড়ে
সোনারগাঁয়ে যুবকের মর’দেহ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাবিবুল্লাহ শেখ (২৩) ওরফে নাসিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস) সড়কের চেঙ্গাইন এলাকায় অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির প্রায় ৩০০ মিটার দক্ষিণে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত হাবিবুল্লাহ শেখ নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোশারফ হোসেন ও নাজমা বেগমের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সোনারগাঁয়ের তালতলা তদন্ত কেন্দ্রের এসআই সেলিম হোসেন জানান, তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মামুন সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন দায়িত্ব পালনকালে ওই যুবকের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক এইচ এম জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় তাঁর বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

পুলিশ জানায়, মরদেহের পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তাঁর ছোট বোন মিলি আক্তার মরদেহটি শনাক্ত করেন।

নিহতের ভাগিনা সিফাত জানান, হাবিবুল্লাহ শহরের দেওভোগ এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর আগে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। মঙ্গলবার রাতে কাউকে কিছু না জানিয়ে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।