অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল জব্দ, মামলা
রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অনুমোদিত স্থানের বাইরে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর ধলপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবৈধ দখল উচ্ছেদ ও জনভোগান্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত ও স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে জিরো পয়েন্ট থেকে সদরঘাটের মূল সড়কসহ কোনো সড়ক বা ফুটপাতে অবৈধভাবে হকার বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, রাজধানীর সব হকারকে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং সিটি করপোরেশনে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া ঢাকার কোথাও হকার বসতে দেওয়া হবে না। উচ্ছেদের পর কেউ আবার ফুটপাত দখল করলে এখন থেকে মালামাল জব্দের পাশাপাশি সরাসরি মামলা করা হবে।
হকারদের নতুন করে নোটিশ দেওয়া বা পুনর্বাসনের বিষয়ে আবদুস সালাম বলেন, হকার নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের মাধ্যমে সরকার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন করে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই বলে জানান তিনি।
এদিকে ধলপুরে পরিদর্শনের সময় ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এর প্রবেশপথে ঢাকা ওয়াসার দীর্ঘসূত্রতার কারণে সৃষ্ট জনভোগান্তি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক।
তিনি বলেন, ওয়াসার কাজের কারণে প্রতিদিন সেবা নিতে আসা বিপুলসংখ্যক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওয়াসাসহ সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সমন্বিতভাবে রাস্তা খননের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আবদুস সালাম জানান, সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে নিয়মিত বৈঠক করা হচ্ছে। ওয়াসা, সিটি করপোরেশন, টিঅ্যান্ডটি ও বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।


