অটোগ্যাসেরও দাম বাড়াল বিইআরসি
এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ অক্টোবর) নতুন মূল্য ঘোষণা করা হয়। এতে অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা।
বিইআরসি জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।
এদিকে, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দামও ২৫২ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি ১২ কেজির সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।
এর আগে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।


