বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

জাতীয়
বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
৬ অক্টোবর ২০২৬

শিশুদের প্রকৃতি, পশুপাখি ও পরিবেশের প্রতি সহানুভূতিশীল করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের প্রতি মানুষের দয়ার পাশাপাশি প্রকৃতি ও প্রকৃতির সৃষ্টির প্রতিও যত্নশীল হতে হবে। এভাবেই একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আশপাশের গাছপালা, পশুপাখি ও প্রকৃতির যত্ন নিতে হবে। কোনো গাছকে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে, প্রয়োজনে পানি দিয়ে ও পরিচর্যা করে তাকে বড় হতে সহায়তা করতে হবে। একইভাবে আশপাশের পশুপাখিকেও দেশের সম্পদ হিসেবে বিবেচনা করে তাদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অভিভাবকদের উদ্দেশে তারেক রহমান বলেন, শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই প্রকৃতি ও প্রাণীর প্রতি মমত্ববোধ তৈরি করতে হবে। সবাই মিলে এ বোধ শিশুদের মধ্যে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি মানবিক বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে।

তিনি বলেন, মানুষ প্রকৃতির মধ্যেই বেড়ে ওঠে। তাই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেঁচে থাকতে হলে প্রকৃতিকেও সহযোগিতা করতে হবে এবং তার স্বাভাবিক বিকাশের সুযোগ দিতে হবে। প্রকৃতির প্রতি মানুষ সদয় হলে প্রকৃতিও মানুষের প্রতি সদয় হবে।

পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শিশুদের উদ্দেশে তিনি বলেন, রাস্তাঘাটে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা বন্ধে সচেতন হতে হবে। কোনো বড় মানুষও যদি প্রকাশ্যে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করেন, তাহলে ছোটরাও তাকে সঠিক স্থানে ময়লা ফেলার জন্য বলতে পারে।

তারেক রহমান বলেন, পরিবেশ দূষণের প্রভাব সবচেয়ে বেশি পড়বে শিশুদের ওপর। তাই বর্তমান প্রজন্মকে শুধু নিজের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করেও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে।

শিশুদের দেশের ভবিষ্যৎ ভিত্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি বাড়ির খুঁটি শক্ত হলে যেমন পুরো কাঠামো মজবুত থাকে, তেমনি শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে পরিবার ও সমাজের ভিত্তিও শক্ত হবে। দেশের সব শিশুকে বিকশিত হওয়ার সুযোগ দিতে পারলে বাংলাদেশও আরও শক্তিশালী হয়ে উঠবে।

তিনি বলেন, শিশুদের সঠিকভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনে প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।