জিয়াউল আহসানের পক্ষে লড়তে বৃটিশ আইনজীবীর আবেদন
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে সি আবেদন করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ বার কাউন্সিলে তার আবেদন জমা দেওয়া হয়।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ মামলার ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে। রাষ্ট্রপক্ষের সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাক্ষ্য দিচ্ছেন।
গত ৩০ সেপ্টেম্বর ১৫তম সাক্ষী হিসেবে রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্তকালে সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত, আলামত ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় আদালতের সামনে তুলে ধরবেন তিনি।
প্রসিকিউশনের দাবি, এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা শেষ হলে আসামিপক্ষ সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবে। এরপর মামলায় যুক্তিতর্ক শুরু হবে।
মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১১ সালে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার অভিযোগ রয়েছে। এ ছাড়া ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগও মামলার অন্যতম অংশ।
শতাধিক গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এ মামলা করা হয়েছে।


