পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়
পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৮ অক্টোবর ২০২৬

ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আলোচনা করবে বাংলাদেশ। তবে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, পানি চুক্তি নবায়নের লক্ষ্যে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। এ প্রক্রিয়ায় ভারতের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার জন্য তাদের কাছে নাম চাওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত দুই দেশের মধ্যে সংলাপ শুরুর ব্যাপারে সরকার আশাবাদী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ের পক্ষে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক আইন ও জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসব বিষয়কে ভিত্তি করেই ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করার চেষ্টা করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের রাজনৈতিক ও সরকারি পর্যায়ে আন্তরিকতা থাকলে দীর্ঘদিনের পানি সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব। এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মানসিকতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও বাংলাদেশ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে বলে এর আগে জানিয়েছিলেন হুমায়ুন কবির। তার ভাষ্য, চুক্তি নবায়ন বা নতুন কোনো ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য যা সবচেয়ে ভালো, সেই সিদ্ধান্তই নেওয়া হবে।

পানি কূটনীতির ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রস্তুত করার ওপরও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতার সমন্বয়ে তরুণদের দক্ষ ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এ সময় হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ গত ১৫ বছরের ‘অন্ধকার যুগে’ আর কখনো ফিরে যাবে না।