প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, শনাক্তের চেষ্টা

জাতীয়
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, শনাক্তের চেষ্টা
১০ অক্টোবর ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল। ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে আগারগাঁও লিংক রোডে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

তিনি জানান, দুটি মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তি ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় আশপাশ পর্যবেক্ষণের পর তাঁরা দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। প্রাথমিকভাবে তাঁদের আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে যেতে দেখা গেছে বলে তথ্য পেয়েছে পুলিশ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিসি ইবনে মিজান বলেন, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় কেউ হতাহত হননি।