জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

দেশজুড়ে
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার
১২ অক্টোবর ২০২৬

নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার কিরিলের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। শহরের কাপুড়িয়া পট্টির নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে নাটোর সদর থানায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সুপার জানান, ল্যাপটপ হারানোর পরদিন ৮ অক্টোবর সকালে নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় একটি ব্যাগ পান। ব্যাগটি সঙ্গে নিয়ে তিনি নওগাঁ চলে যান। পরে ব্যাগ খুলে ল্যাপটপ দেখতে পেয়ে ছেলের সঙ্গে কথা বলেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর খবর দেখে অমল সাহা বিষয়টি তাঁর ছেলে অন্তরকে জানান। পরে অন্তর রোববার রাতে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ কাপুড়িয়া পট্টির নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ সুপার জানান, ল্যাপটপ উদ্ধারের বিষয়টি পর্যটক ক্রিল ল্যান্ডার কিরিলকে জানানো হয়েছে। এ ঘটনায় তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ল্যাপটপটি পাওয়ার পর পুলিশকে জানাতে চার দিন সময় লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

যেভাবে হারিয়েছিল ল্যাপটপ

বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে এসে জার্মান তরুণ ক্রিল ল্যান্ডার কিরিল বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে সান্তাহার স্টেশনে পৌঁছান। সেখান থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে আসেন তিনি। ভুল করে নাটোরে নেমে যাওয়ার পর সেখান থেকে অন্য একটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

এ জন্য নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের অপেক্ষাকক্ষে বসে ছিলেন তিনি। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে ক্রিল ল্যান্ডার ওই যুবকের কাছে নিজের ব্যাগ রেখে টিকিট কাটতে যান। ফিরে এসে দেখেন, ব্যাগসহ ওই যুবক উধাও।

ঘটনার পর রাতেই নাটোর থানায় অভিযোগ করেন ওই পর্যটক। এ সময় পুলিশ ও সংবাদকর্মীদের আন্তরিক আচরণে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। পরে তাঁর যাতায়াত ও অবস্থানের সুবিধার জন্য প্রথমে রাজশাহী এবং পরে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

এদিকে, ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তাকারীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

এসআরবি-৫ সিপিসি-২ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের চেহারা শনাক্ত করার পর শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জনবহুল এলাকায় ওই যুবকের ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়।

অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।