বেতন বৈষম্য নিরসনে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আরও চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের প্রচলিত বেতনস্কেলে বিদ্যমান অসংগতি ও এ নিয়ে ওঠা অভিযোগগুলো পর্যালোচনা করবে কমিটি। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে তুলে ধরবে তারা।
এ ছাড়া বেতন গ্রেডের উন্নীতকরণ, অবনমন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য আনার বিষয়টিও পর্যালোচনা করবে কমিটি। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন করে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা চালুর প্রয়োজনীয়তা এবং যৌক্তিকতা বিবেচনা করা হবে।
বর্তমানে প্রচলিত বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানো বা কমানোর প্রয়োজন আছে কি না, সেটিও যাচাই করে সুপারিশ দেবে কমিটি। অর্থাৎ সরকারি কর্মচারীদের বেতন কাঠামো থেকে শুরু করে বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে সামগ্রিক পর্যালোচনার দায়িত্ব পেয়েছে এই উচ্চপর্যায়ের কমিটি।
কমিটির কার্যক্রমে সহযোগিতা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এর দাপ্তরিক ও সাচিবিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা দেবে অর্থ বিভাগ।


