রৌমারী সীমান্তে পুশইন ব্যর্থ, বিএসএফের বিস্ফোরণে সীমান্তজুড়ে আতঙ্ক
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ মে) রাত ১০টার দিকে রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তে ১০৬৪ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায়।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা বলছেন, এই বিস্ফোরণের মাধ্যমে বিএসএফ সীমান্ত এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চেয়েছে।-+
রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, রাতে ভারতীয় সীমানার সাহাপাড়া বিওপি ক্যাম্প এলাকায় বেশ কিছু গাড়ি ও মানুষের জটলা দেখা যায়। পরে স্থানীয়দের সতর্কতা ও বিজিবির প্রস্তুতির কারণে পুশইনের চেষ্টা সফল হয়নি।
এসময় ভারতের সীমানায় হঠাৎ বিকট একটি শব্দ শোনা যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফিরোজ মিয়া ও মামুন হোসেন বলেন, “বিকট শব্দের পর দেখি ধোঁয়া উঠছে। সীমান্তে গিয়ে দেখি ওপারে বিএসএফ বেশ কয়েকজন সাধারণ মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে।”
বিষয়টি নিয়ে রৌমারী সদর কোম্পানির কমান্ডার সুবেদার সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) শামসুল হক বলেন, “বিস্ফোরণের ঘটনা আমাদের জানা নেই। তবে পুশইন ঠেকাতে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।”
এর আগে মঙ্গলবার (২৭ মে) ভোরে একই উপজেলার বড়াইবাড়ি সীমান্তের ১০৬৭ নম্বর পিলারে ১৪ জন ভারতীয় নাগরিককে নোম্যান্সল্যান্ডে ঠেলে দেয় বিএসএফ। তখনও কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় এবং পরে বাংলাদেশের আকাশে ড্রোন ওড়ানো হয়, যা আরও আতঙ্কের জন্ম দেয়।
চলমান এই ঘটনার ফলে রৌমারী সীমান্তজুড়ে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের বেলায় সীমান্ত এলাকায় চলাচল বন্ধ রাখছে বলে জানা গেছে।
স্থানীয়রা সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে পুশইন বা বিস্ফোরণের মতো ঘটনা প্রতিহত করা যায়।


