ডিম নয়, প্রোটিনে এগিয়ে এই ৪ উদ্ভিজ্জ খাবার
স্বাস্থ্যসচেতন মানুষদের কাছে ডিম দীর্ঘদিন ধরে উচ্চ প্রোটিনের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে পরিচিত। তবে আশ্চর্যের বিষয় হলো, আমাদের আশপাশেই এমন অনেক উদ্ভিজ্জ খাবার রয়েছে যেগুলোতে ডিমের চেয়েও বেশি প্রোটিন থাকে—তাও আবার কম ক্যালোরি ও উচ্চ ফাইবারের সঙ্গে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন নিশ্চিত করা স্বাস্থ্যের জন্য জরুরি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিটি প্রধান খাবারে ২০–৩০ গ্রাম এবং স্ন্যাকসে ১৫ গ্রাম প্রোটিন থাকা উচিত। এই চাহিদা মেটাতে শুধু প্রাণিজ উৎস নয়, উদ্ভিজ্জ উৎসের দিকেও নজর দিতে বলছেন পুষ্টিবিদরা।
চলুন জেনে নিই ডিমের চেয়েও বেশি প্রোটিনসমৃদ্ধ ৪টি উদ্ভিজ্জ খাবার:
১. কালো বিন (Black Beans)
এক কাপ রান্না করা কালো বিনে থাকে প্রায় ১৫ গ্রাম প্রোটিন ও সমপরিমাণ ফাইবার। এতে রয়েছে ক্যালসিয়াম, ফলেট ও পটাসিয়াম। কালো বিন সহজলভ্য, সাশ্রয়ী এবং নানা রান্নায় ব্যবহারযোগ্য—সালাদ, বারিটো, বা টাকোতেও মানিয়ে যায় চমৎকারভাবে।
২. মসুর ডাল
প্রতি কাপ রান্না করা মসুর ডালে থাকে প্রায় ১৮ গ্রাম প্রোটিন। রেড, ব্রাউন বা গ্রিন—যেকোনো রঙের মসুরই প্রোটিনের দারুণ উৎস। এটি শুধু ভাতের সঙ্গে নয়, ওয়ান-পট মিল হিসেবেও বেশ জনপ্রিয়।
৩. ছোলা (Chickpeas)
ছোলা মানেই শক্তি আর পুষ্টি। প্রতি কাপ ছোলায় থাকে প্রায় ১৫ গ্রাম প্রোটিন এবং ১৩ গ্রাম ফাইবার। এতে চোলিন থাকে যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক। রোস্টেড ছোলা, সালাদ, হুমাস কিংবা চকোলেট ডিপ—যেভাবেই খান, উপকার নিশ্চিত।
৪. হোল হুইট পাস্তা
অনেকেই জানেন না যে সাধারণ পাস্তার তুলনায় হোল হুইট পাস্তায় রয়েছে প্রায় দ্বিগুণ প্রোটিন—প্রতি কাপ রান্না করা পাস্তায় প্রায় ৭ গ্রাম প্রোটিন থাকে। চাইলে লেগিউম-বেসড পাস্তা দিয়ে এই পরিমাণ আরও বাড়ানো সম্ভব।
স্বাস্থ্যকর পাতে উদ্ভিজ্জ প্রোটিন
আজকের দিনে স্বাস্থ্যকর খাওয়ার চর্চা মানেই ভারসাম্যপূর্ণ পুষ্টি গ্রহণ। ডিম বা মাংসের পাশাপাশি এই উদ্ভিজ্জ উৎসগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীর যেমন সুস্থ থাকবে, তেমনি হজমেও থাকবে স্বস্তি।


