করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের সুরক্ষায় কেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
পরীক্ষাকেন্দ্রে যেসব নির্দেশনা মানতে হবে:
-
মাস্ক পরা বাধ্যতামূলক: পরীক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা—সবার জন্য।
-
স্যানিটাইজারের ব্যবস্থা: কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
-
ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা: কেন্দ্র ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে এবং মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে।
-
মেডিকেল টিম: প্রতিটি কেন্দ্রে একটি মেডিকেল টিম সক্রিয় থাকবে এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় রাখতে হবে।
-
অভিভাবকদের জন্য বার্তা: কেন্দ্রের বাইরে ভিড় বা জটলা এড়াতে জনসচেতনতামূলক প্রচার চালাতে হবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং শেষ হবে ১০ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।
পরীক্ষা কক্ষের আসন বিন্যাস সঠিকভাবে করতে হবে এবং অনুমোদিত মডেলের বাইরে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
পরীক্ষার সুষ্ঠুতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়ে গৃহীত এই পদক্ষেপগুলো সময়োপযোগী ও বাস্তবসম্মত বলেই মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা।

