বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জুলাইয়ের মধ্যেই ‘জাতীয় সনদ’: আশাবাদী জাতীয় ঐকমত্য কমিশন

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে চলমান সংলাপের প্রেক্ষাপটে আগামী জুলাই মাসের মধ্যেই ‘জাতীয় সনদ’ প্রস্তুত করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশন আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

আলী রীয়াজ বলেন,

“আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আগামী জুলাইয়ের মধ্যে জাতীয় ঐকমত্য সনদ তৈরি করা যাবে। হয়তো সব রাজনৈতিক দল সব বিষয়ে একমত হবে না, কিন্তু একটি সাধারণ ভিত্তিতে পৌঁছাতে সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে।”

ঈদের আগে প্রাথমিক পর্ব শেষে মঙ্গলবার মূল সংলাপের দ্বিতীয় ধাপ শুরু হয়। এতে বিএনপি, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

সংলাপে আলোচনার মূল বিষয়গুলো হলো:

  1. সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ

  2. সংসদে নারী প্রতিনিধিত্ব

  3. স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন প্রক্রিয়া

  4. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সম্ভাবনা

  5. প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া

আলী রীয়াজ জানান,

“এই সংলাপ টানা তিন দিন চলবে। তবে রাজনৈতিক দলগুলোর আগ্রহ থাকলে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত কমিশন।”

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার সারাংশ থেকেই তৈরি হবে ‘জুলাই সনদ’। এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রূপরেখা হিসেবে বিবেচিত হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন